বাজিতপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের নিচে চাপা পড়ে জামরান মিয়া (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পরপরই জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং প্রায় এক ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করে রাখে। জামরান বাজিতপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সে দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের বাসিন্দা এমাদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, জামরান বেলা ১১টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল। বাজিতপুর টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন এসে ট্রাকটি ভাঙচুর করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা ছেড়ে দেয়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেছেন, ট্রাকের চালক দুলালকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।