বাজিতপুরে ডাকাত সর্দারের রহস্যজনক মৃত্যু!
কিশোরগঞ্জের বাজিতপুরে ডাকাত সর্দার হিসেবে পরিচিত শহীদ মিয়ার (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার সরারচর ইউনিয়নের নয়াহাটি গ্রামের একটি গাবগাছের ডাল থেকে গতকাল রোববার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শহীদ মিয়ার বাড়ি বাজিতপুরের সরারচরের নয়াহাটি গ্রামে। তাঁর বিরুদ্ধে বাজিতপুর থানাসহ পার্শ্ববর্তী থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন।সম্প্রতি নয়াহাটি গ্রামে একাধিক জুয়ার আসর বসত। জুয়ার আসরে শহীদ মিয়াকে দেখা যেত। তিনি জুয়ার আসর থেকে চাঁদা নিতেন। এ নিয়ে আসর পরিচালনাকারীদের সঙ্গে তাঁর একাধিকবার দ্বন্দ্ব সৃষ্টি হয়। গতকাল ঝুলন্ত লাশ দেখে বিষয়টি অনেকেই আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছে না।বাজিতপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. ফারুকুল ইসলাম জানান, শহীদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।