বাজিতপুরে তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র পদপ্রার্থী মো. ছারওয়ার আলম তিনটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একই দিনে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার জন্য দলের কয়েকজন নেতার বিরুদ্ধে সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। সংবাদ সম্মেলনে ছারওয়ার আলম অভিযোগ করেন, মালেকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দিনা ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়— এ তিন কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। তাঁর অভিযোগ, এ কেন্দ্রগুলোতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা বিএনপির প্রার্থী এহসান কুফিয়ার পক্ষে ভোট দিতে ভোটারদের বাধ্য করেন। তিনি এ কাজে জড়িত হিসেবে শেখ নূরুন্নবী বাদল, গোলাম রসুল দৌলত, আলাউল হক, রকিবুল হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। এদিকে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এক সভা হয়। সভায় বক্তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাঁরা কাজ করেছেন তাঁদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। বিএনপিদলীয় বিজয়ী প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন দেওয়ায় তাঁরা বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুন্নবী বাদলকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানান। তাঁরা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তোলেন।