বাজিতপুরে তিন সপ্তাহ ধরে ছয় ট্রান্সফরমার বিকল ২২ গ্রাম অন্ধকারে
কিশোরগঞ্জের বাজিতপুরে বিকল হয়ে যাওয়া ছয়টি ট্রান্সফরমার এখনো সচল হয়নি। এ কারণে উপজেলার ২২টি গ্রামের হাজার হাজার মানুষ গড়ে তিন সপ্তাহ ধরে বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে, এইচএসসি ও মাধ্যমিক পর্যায়ের প্রথম সাময়িক পরীক্ষার্থীরা আছে সবচেয়ে কষ্টে। বারবার যোগাযোগ করা সত্ত্বেও স্থানীয় আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিস ট্রান্সফরমার প্রতিস্থাপনের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ এপ্রিল এক দিনে দুটি ট্রান্সফরমার বিকল হয়। এক সপ্তাহের ব্যবধানে বিকল হয় ভাগলপুর, চন্দ্রগ্রাম, বসন্তপুর, সিঅ্যান্ডবি রোড, সরারচর বাজার, তেঘরিয়া এলাকার ট্রান্সফরমার। বিকল হওয়ার পর নিজ নিজ এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করেন। অফিস থেকে জানানো হয়, তাদের কাছে অতিরিক্ত ট্রান্সফরমার নেই। পুরোনোগুলো মেরামত করে সচল করতে হবে। গ্রাহকেরা অভিযোগ করেন, মেরামত করে আনা বাবদ বিদ্যুৎ অফিস থেকে তাঁদের কাছে প্রতি ট্রান্সফরমার থেকে ১৫ হাজার করে টাকা দাবি করা হয়। এই নিয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে তাঁদের ভুল-বোঝাবুঝি ও দ্বন্দ্ব হয়। ট্রান্সফরমার সচল করতে বিলম্ব হওয়ার কথা স্বীকার করলেও মেরামত বাবদ টাকা দাবির বিষয়টি অস্বীকার করেন বাজিতপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর। তিনি প্রথম আলোকে বলেন, বাজিতপুরের প্রতিটি ট্রান্সফরমার অভারলোড অবস্থায় আছে। গ্রীষ্মকাল শুরু হওয়ার পর লোড আরও বেড়ে যায়। এ কারণে ঘন ঘন ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘আমাদের কাছে অতিরিক্ত ট্রান্সফরমার না থাকার কারণে নষ্ট হয়ে যাওয়া ট্রান্সফরমার খুলে তা ঢাকার টঙ্গীতে পাঠাতে হয়। এসব কারণে সময় একটু বেশি লেগে যায়।’ তবে দু-এক দিনের মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন।