বাজিতপুরে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের হরতালে কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে গুলিবিনিময়ের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির দুজন ও আওয়ামী লীগের সাতজন কর্মীর গুলিবিদ্ধ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে সকাল পৌনে নয়টার দিকে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি মিছিল সিনেমা হল সড়কের দিকে আসে। ওই সময় একই সড়ক দিয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল যাচ্ছিল। এ সময় উভয় পক্ষ মুুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি রাবার বুলেট ছোড়ে। পুলিশের বাধার মুখে ৩০ মিনিটের মধ্যে হরতালের পক্ষ ও বিপক্ষের সমর্থকেরা সিলেমা হল সড়ক থেকে সরে যান। বর্তমানে বড় সড়কসহ বেশ কয়েকটি পয়েন্টে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে আওয়ামী লীগের সাতজন ও বিএনপির দুজন কর্মী গুলিবিদ্ধ হন। তাঁরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা নিচ্ছেন বলে জানা গেছে।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজিম উদ্দিন জানান, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ সময় তিনি, উপপরিদর্শক বদিউজ্জামান, হাবিবুর রহমান ও কনস্টেবল আলাউদ্দিন আহত হন।
সকালে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেনসহ পুলিশের ছয় সদস্য আহত হন। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ছাত্রদলের কর্মী আক্রাম মাহমুদ আহত হন।