বাজিতপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
কিশোরগঞ্জের বাজিতপুরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বোর্ডবাজারে দীঘিরপাড় গ্রামের সবজিবিক্রেতা বাবুর মিয়া (৩৫) মাথায় সবজি নিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী শাহপুর গ্রামের সবুজ মিয়ার (২৫) সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে দীঘিরপাড় ও শাহপুর গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৫০ জন আহত হয়। গুরুতর আহত মাছুম আলী (৫৫), শাহাবুদ্দিন (৪৮), মহব্বত আলী (৪৫), খায়রুল ইসলাম (২১) ও স্বাধীনকে (১৫) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ১৮ জনকে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমঝোতার জন্য উভয় পক্ষের সম্মতি নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই মীমাংসা করবেন।ওই কমিটির সদস্য আবদুল আহাদ জানান, দুই-এক দিনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।