বাজিতপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের বাজিতপুরে গত রোববার দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রোববার সন্ধ্যায় উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী ও ডুবিপাথর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ফজলু মিয়ার (৩৫) বাড়ি ডুবিপাথর গ্রামে।এলাকাবাসী জানান, রোববার বিকেলে স্থানীয় যুবকেরা ডুবিপাথর গ্রামের মাদ্রাসা মাঠে হা-ডু-ডু খেলার আয়োজন করেন। খেলা উপভোগ করতে আশপাশের গ্রামের বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। খেলা চলাকালে ঝালমুড়ি কেনা নিয়ে নিলখী গ্রামের এক ব্যক্তির সঙ্গে ডুবিপাথর গ্রামের কয়েকজন যুবকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঘটনার জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ডুবিপাথর গ্রামের ফজলু মিয়াকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে ডুবিপাথর গ্রামবাসী উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ফজলু মিয়ার ছোট ভাই ইকবাল মিয়া আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।