বাজিতপুরে ধান শুকানোর জমি নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আইলারগোপ পারকচুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার পারকচুয়া গ্রামের একটি ধান শুকানোর জমি নিয়ে গ্রামের রইছউদ্দিন ও নাসির মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাসিরের লোকজন রইছের পক্ষের শহীদ মিয়াকে পিটিয়ে আহত করে। ওই দিনই তাঁকে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের কয়েক শ লোক দা, লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে বাজিতপুর থানার পুলিশ দুই ঘণ্টা চেষ্টা করে লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত সাড়ে নয়টার দিকে আহত ব্যক্তিদের একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাজিতপুর নিয়ে আসা হয়। মাইজচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই প্রভাবশালী পরিবারের বিরোধে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ উভয় পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। উভয় পক্ষ অনড় থাকায় মীমাংসা হয়নি। রইছউদ্দিন জানান, আমার লোককে প্রথমে পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে। নাসির মিয়ার সমর্থক সৈয়দ জামাল জানান, ৫০ জনকে আসামি করে এজাহার লেখা হয়েছে। থানায় মামলা করা হবে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এজাহার নিয়ে এলে মামলা নেওয়া হবে।