বাজিতপুরে নববধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ইয়াসমিন বেগম (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গাজীরচর এলাকার একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসমিনের স্কুলজীবনের বন্ধু দশম শ্রেণীর ছাত্র ওয়াজিদ মিয়া ও স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ইয়াসমিনের বাড়ি কুলিয়ারচর পৌর শহরের মেরাতুলি মহল্লায়। এক মাস আগে কুলিয়ারচরের দোয়ারিয়া মহল্লার রঙ্গু মিয়ার ছেলে আলমগীরের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত শুক্রবার ইয়াসমিন স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। দুই দিন পর রোববার সকাল ১০টার দিকে এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে ইয়াসমিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আলমগীর বলেন, ‘দাম্পত্য জীবনে আমরা ভালোই ছিলাম। নিখোঁজ হওয়ার পর থেকে ওর ফোনটি বন্ধ পাচ্ছিলাম। কিন্তু রাত দুইটার দিকে ফোনটি খোলা পাওয়া যায়। কল দিলে এক ব্যক্তি ফোনটি ধরেন। তিনি সেটটি রাস্তায় পেয়েছেন বলে জানান।’ তবে আলমগীর দাবি করেন, ইয়াসমিন হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন।ওয়াজিদ মিয়া বলে, ‘কুলিয়ারচর আলিফ বিজ্ঞান টেকনিক্যাল বিদ্যালয়ে সহপাঠী ছিলাম আমরা। আগে মাঝেমধ্যে আমাদের কথা হতো। কিন্তু বিয়ের পর ওর সঙ্গে আর আমার কোনো যোগাযোগ ছিল না।’বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ইয়াসমিনকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।