কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে ১০ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেছেন, নিম্নমানের কাঁচামাল দিয়ে কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দীঘিরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামে গত বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ লাখ ৭১ হাজার ৮২৫ টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে সেতুটির কাজ পায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার মেসার্স কণা এন্টারপ্রাইজ। পরবর্তী সময় কাজটি উপ-ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) হিসেবে বাজিতপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার আলী শাহ্ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বাস্তবায়ন করা শুরু করেন। নির্মাণকাজের মান নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে।সেতুতে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ এনে গত ১০ ফেব্রুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন। কিন্তু তা সত্ত্বেও কাজ বন্ধ হয়নি বলে এলাকাবাসী জানান।এ অবস্থায় বুধবার ঢালাইয়ের কাজ করার সময় সেতুর দুটি পিলার ভেঙে পড়লে কর্মরত ১০ শ্রমিক খালের ভেতর পড়ে যান। এঁদের মধ্যে গুরুতর আহত চন্দ্রগ্রামের শ্রমিক জাহিদ মিয়া (৩৮) এবং পৈলানপুর গ্রামের শহিদ মিয়া (৩৫), জালাল মিয়া (৩২) ও রবিনকে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জমির আলী বলেন, এলাকাবাসীর অনুরোধে তিনি এ বিষয়ে অভিযোগ করেছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতে ঢালাইয়ের কাজ হওয়ার কথা। কিন্তু অনিয়মের সুযোগ নিতে কর্মকর্তাদের না জানিয়েই ঠিকাদারেরা ঢালাইয়ের কাজ করছিলেন। লাগামহীনভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় পিলার দুটি ভেঙে পড়ে।শোভারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া জানান, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ পর্যন্ত কাজ তদারকি করতে আসেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন কাজ তদারকি না করার অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, ঢালাইয়ের কথা তাঁদের জানানো হয়নি।বাজিতপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার আলী শাহ্ নিম্নমানের কাজের কথা অস্বীকার করে জানান, জোয়ারের পানি খালে ঢুকে বাঁশ সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুখলেসুর রহমান আকন্দ গতকাল জানান, তিনি এ উপজেলায় সবেমাত্র যোগদান করেছেন। বিষয়টি তাঁর নজরে এসেছে। ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।