বাজিতপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। গতকাল রোববার যুবদলের সমর্থক মো. মাসুদ বাদী হয়ে এক পক্ষে এবং অপর পক্ষে বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সদস্য নুরু মিয়া এই অভিযোগ করেন।উপজেলা বিএনপির সদস্য মীর হোসেনের সমর্থক মাসুদের দায়ের করা এজাহারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য শামসু মিয়া, নুরু মিয়া, মিন্টু মিয়া ও মনির মিয়ার বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। অপরদিকে একই দিনে করা বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মিয়ার সমর্থক নুরু মিয়ার এজাহারে উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল খান, সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।প্রসঙ্গত, জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে মীর হোসেন ও শামসু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাসুদ গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আরও সাতজন দলীয় নেতা-কর্মী আহত হন। ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। মাসুদ বর্তমানে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।