বাজিতপুরে বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিদ্যুৎ সরবরাহের কার্যালয় ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহে নূর আলম, কনস্টেবল বাহাউদ্দিনসহ ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গ্রাহক নন্দ দাস (৩৮), শামীম মিয়া (৪০) ও তোফায়েল আহমদকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্রতীকী ধর্মঘটে অংশ নিতে সকাল সাড়ে নয়টার মধ্যে উপজেলার কয়েক হাজার লোক বাজারের সিনেমা সড়কে জড়ো হয়। পরে তারা মিছিল বের করে। সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং বিদ্যুৎ বিলের ১০টি কাগজ ও কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।বাজিতপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ জানান, ‘আমরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ চাই না। তার মানে এই নয়, দিনে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাবে না। আমরা বিদ্যুতের সুষম বণ্টন চাই।’পিডিবির বাজিতপুর কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন খান জানান, ‘বাজিতপুরের জন্য পাঁচ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এক মেগাওয়াট বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের কোনো হাত নেই।’ তিনি জানান, হামলার ঘটনায় অজ্ঞাত পাঁচ-সাত শ লোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ কিছু সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।