বাজিতপুরে মেঘনায় ৩ নৌযানে ডাকাতি, চালকসহ আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মেঘনা নদীতে গত মঙ্গলবার সন্ধ্যায় তিনটি নৌযানে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে নৌযানের নয়জন শ্রমিক আহত হন।আহত শ্রমিকেরা জানান, সুনামগঞ্জ জেলার ছাতক থেকে পাথর ও কয়লা নিয়ে এমভি খৈয়াম, এমভি ফয়সাল উদ্দিন ও এমভি আতাউর হোসেন নামের তিনটি নৌযান ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তাঁরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে এমভি খৈয়াম বাজিতপুরের দিলালপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত নৌকাযোগে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল তাঁদের আক্রমণ করে। নৌযানে ওঠে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে শ্রমিকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। ডাকাতেরা নগদ টাকাসহ জাহাজে থাকা বেশ কিছু জিনিসপত্র লুটে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে চলে যায়। একই ডাকাত দল দুই ঘণ্টা সময়ের ব্যবধানে একই স্থানে এমভি ফয়সাল ও এমভি আতাউরে ডাকাতি করে চলে যায়। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে এমভি আতাউরের চালক মো. আলাউদ্দিনসহ আক্কাস, শাহিন মিয়া; এমভি খৈয়ামের চালক আলিম উল্লাহ ও এমভি ফয়সালের জামান মিয়া ও আমিনুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমভি খৈয়াম জাহাজের মাস্টার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ডাকাতেরা তাঁর নৌযান থেকেই ১৪টি মুঠোফোন ও নগদ প্রায় এক লাখ টাকা লুটে নিয়ে যায়। তিনি বলেন, আগে পুলিশকে জানিয়ে খুব একটা লাভ হয়নি; বরং ঝামেলা হয়েছে। তাই থানায় অভিযোগ করিনি।