বাজিতপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল সোমবার বাজিতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ স্বামী অজিত দাসকে (৩৩) গ্রেপ্তার করেছে।পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার বোয়ালি গ্রামের মনমোহন দাসের মেয়ে সুপ্রভা দাসের (২৫) সঙ্গে একই উপজেলার গোপীনাথপুর গ্রামের গোদাই দাসের ছেলে অজিত দাসের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই অজিত দাস যৌতুকের জন্য স্ত্রী সুপ্রভাকে নির্যাতন করে আসছিলেন। শাশুড়ি ও এক ভগ্নিপতি নির্যাতনে অজিতকে প্ররোচিত করতেন।এ নিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। সালিসে অজিতের দাবি অনুযায়ী আরও পৌনে এক ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। এর মধ্যে তাঁদের সংসারে একটি মেয়েশিশুর জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স তিন বছর। মেয়ে জন্মের পর থেকে অজিত ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে গত শুক্রবার কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে মারপিট করলে সুপ্রভা দুদিন উপোস থাকেন। রোববার রাতে রান্নাঘরে খাবার খেতে গেলে অজিত দাস সুপ্রভাকে আবারও মারপিট করেন। এ ঘটনায় সুপ্রভা রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহৎযা করেছেন বলে স্বামীর বাড়ির লোকজন গতকাল সোমবার সকালে পাড়া-প্রতিবেশীকে জানান।খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে একটি বিছানা থেকে সুপ্রভার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার দাস জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। তাই স্বামী অজিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় অজিত দাস জানান, ‘ঝগড়াঝাটি হতো—এ কথা সত্য। তবে, হত্যার অভিযোগ সত্য নয়। সে আত্মহৎযা করেছে।’