বাজিতপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী অজিত দাসকে (৩৩) জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার অজিত দাসকে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গতকাল সুপ্রভা দাসের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। সুপ্রভা দাসের বাবা মনমোহন দাস অভিযোগ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন অজিত দাসের পরিবারের পক্ষে নেওয়ার জন্য একটি প্রভাবশালী চক্র কিশোরগঞ্জে গেছে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সুপ্রভার লাশের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেন, ময়নাতদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে। প্রভাবশালী মহল যতই শক্তিশালী হোক না কেন, কমিটি সঠিক প্রতিবেদন দেবে বলে তিনি আশ্বাস দেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার দাস জানান, মামলার অন্য দুই আসামি যমুনা দাস ও জগদীশ দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৃহবধূ সুপ্রভা দাসকে গত রোববার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে স্বামী অজিত দাসসহ তিনজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা করেন সুপ্রভার বাবা।