বাজিতপুরে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জামির মিয়া নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক জামির মিয়া উপজেলার কৈলাগ ইউনিয়ন যুবদলের সহসভাপতি। গত সোমবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, জামির মিয়া ২০০৪ সালে বাজিতপুর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচটি সাধারণ ডায়েরি করা আছে। তবে তাঁকে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হওয়া মো. মাসুদ মিয়ার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে কিশোরগঞ্জ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।আটক জামির মিয়া গতকাল বলেন, সংঘর্ষে অংশ না নেওয়া সত্ত্বেও কেন তাঁকে আটক করা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (সিনিয়র এসআই) শাহেনুর আলম প্রথম আলোকে বলেন, জামির মিয়া মাসুদ মিয়ার দায়ের করা মামলার কোনো আসামি নন। তবে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৫ জুন বিকেলে উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন নিজেকে বলিয়ারদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দাবি করে আলোচনা সভার আয়োজন করেন। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মিয়ার সমর্থকেরা মেনে নিতে পারেননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে মীর হোসেনের পক্ষের সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জুর ভাতিজা মো. মাসুদ গুলিবিদ্ধ হন। আহত হন আরও সাতজন।