বাজিতপুরে স্বর্ণের দোকানে সন্ত্রাসী হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে এক স্বর্ণের দোকানে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানের মালিক চৈতন্য বসাককে পিটিয়ে আহত করা হয়েছে। পরে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ দুর্বৃত্তদের ব্যবহূত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গতকাল রোববার সকালে বাজিতপুর স্বর্ণপট্টির নিলা স্বর্ণ নিকেতনে এই সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনা ঘটে। প্রতিবাদে ঘটনার পর পর বাজিতপুর স্বর্ণ শিল্প সমিতি ও কারিগর কল্যাণ সমিতির আহ্বানে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন স্বর্ণালংকার ব্যবসায়ীরা। কর্মসূচি চলে বিকেল চারটা পর্যন্ত।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ৮-১০ জনের মুখোশধারী দৃর্বৃত্ত মোটরসাইকেলযোগে স্বর্ণপট্টি আসে। এসেই নিলা স্বর্ণ নিকেতনে প্রবেশ করে অলংকার রাখার আলমারি ভেঙে ফেলে। ওই আলমারিতে রাখা কিছু অলংকার লুট করে। বাধা দিতে গেলে মালিক চৈতন্য বসাককে পেটাতে থাকে। পাশের দোকানিদের আর্তচিৎকারে বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা প্রতিরোধের মুখে পড়লে তাদের ব্যবহূত দুটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। চৈতন্য বসাকের ভাই কালি কিংকর বসাক বলেন, দুর্বৃত্তরা চার ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার অলংকার লুট করেছে।