বাজিতপুরে হরতালে আহত আ. লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার আওয়ামী লীগ-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা শের আলী মিয়া মারা গেছেন। তিনি উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শের আলী মিয়ার পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত ১১টার দিকে তিনি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি সেখানে চিকিত্সাধীন ছিলেন।
শের আলী গতকাল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলটি মধ্যবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হরতালকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় তিনি ঢিলের আঘাতে সড়কে লুটিয়ে পড়েন। পরে বিএনপির কর্মীরা তাঁকে পেটান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘শের আলী মিছিলের সামনের দিকে ছিলেন। আমাদের চোখের সামনেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার ভাষ্য, বিএনপির নেতা-কর্মীদের হত্যা মামলার আসামি করতে স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রমজান হোসেন বলেন, নিহত শের আলীর পরিবারের পক্ষ থেকে বিএনপির কর্মীদের ছোড়া গুলি ও ঢিলের আঘাতে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।