
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনে কিছু কিছু কাজ আমি মেনে নিতে পারি না, যেটা আমাকে ব্যথিত করে। আমি সেটা কখনোই গ্রহণ করতে পারব না। যদি আমরা বাজিতপুরে পরাজিত হতাম, তাহলে কি তারা আমাদের সরকারকে উচ্ছেদ করে দিত?’
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তাহলে বাজিতপুর কি দরকার ছিল? বাজিতপুরে যদি আমরা পরাজিত হতাম, তাহলে আমরা তো গোটা কিশোরগঞ্জে পরাজিত হতাম না।’
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ভোট কারচুপি ও জালিয়াতি করে ক্ষমতায় আসেনি। জনগণের ভোট নিয়ে আমরা পৌর নির্বাচনেও জিতেছি। আমরা নির্বাচনে বারবার জিতি। আগামীতেও জয়ের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে। তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাইয়ের কাজটি করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।
স্বাধীনতাবিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেও ক্ষান্ত হয়নি উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরার পর বারবার হত্যাচেষ্টা চালিয়েছে। ওই অপশক্তি গ্রেনেড ও গুলি ছুড়েও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ দিলারা বেগম আছমা, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ সদরের নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ।