বাজিতপুরের যুবলীগ নেতা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার যুবলীগ কর্মী সবুজ মিয়াকে হত্যা করে লাশ ১২ টুকরা করার ঘটনায় করা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন উনা মিয়া ও এনাম হোসেন। তাঁদের মধ্যে এনাম হোসেন পলাতক রয়েছেন। এ মামলার অপর আসামি সাদেককে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার যুবলীগ কর্মী সবুজ মিয়াকে হত্যার দায়ে আদালত দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। হত্যাকাণ্ডে সহায়তা করায় অপর আসামি সাদেককে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২১ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে যেকোনো সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সবুজ মিয়া ওরফে আলমকে হত্যা করে লাশ ১২ টুকরা করে এর অংশবিশেষ বস্তায় ভরে নুরপুরের বিলে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখেন। এ ঘটনায় সবুজের ভাই সমাজ আহম্মেদ বাজিতপুর থানায় এ মামলা করেন। মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিচার নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।