বাজিতপুরের সেই কাজির নিবন্ধন বাতিলে ইউএনওর চিঠি
কিশোরগঞ্জের বাজিতপুরে আন্তর্জাতিক নারী দিবসে বাল্যবিবাহের ঘটনায় বিয়ের কাজি মাওলানা আবদুল কাইয়ুমের নিকাহ নিবন্ধন বাতিলের জন্য গতকাল মঙ্গলবার জেলা রেজিস্ট্রারকে সুপারিশ করে চিঠি দিয়েছেন বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল্লা-হিল-আজম। চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।ইউএনওর কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার চিনিয়ারচর গ্রামের নূরুল ইসলামের মেয়ে ও গাজীরচর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শান্তা আক্তারের (১১) সঙ্গে কুলিয়ারচর উপজেলার আলালপুর গ্রামের আবুল মিয়ার ছেলে প্রবাসী নাসিম মিয়ার (২৮) বিয়ে হয়।সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, বিয়ে হয়ে গেছে। পুলিশ আসার কথা শুনে কনেকে রেখেই বরসহ বিয়েতে আসা লোকজন সটকে পড়ে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সোমবার রাতে আটক হওয়ার ভয়ে মেয়ের মা-বাবাও এলাকা ছেড়ে পালিয়ে যান। গাজীরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিবাস চন্দ্র বণিক জানান, মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ের রেজিস্ট্রারে তার জন্মতারিখ ৮ আগস্ট ১৯৯৭।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, নারী দিবসে বাল্যবিবাহের ঘটনাটি দুর্ভাগ্যজনক দৃষ্টান্ত হয়ে রইল। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সাহা জানান, দণ্ডবিধিতে বাল্যবিবাহের মামলা থানায় হয় না। বাল্যবিবাহ আইনে আদালতে মামলা হবে।বাজিতপুরের ইউএনও মো. সাইফুল্লা-হিল-আজম প্রথম আলোকে জানান, কয়েকজন তাঁর কাছে এসে মেয়ের বয়স ১৮ বলে দাবি করেছেন। তাঁদের তিনি সাবধান করে দিয়েছেন। ইতিমধ্যে কাজির রেজিস্ট্রেশন বাতিলের জন্য জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে।