বাজিতে হেরে ফেসবুকে 'গলাকাটার' ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদেল শিকদার (২৫) নামের এক যুবককে ‘গলা কেটে হত্যার’ ভিডিও ফেসবুকে দেখে তাঁর স্বজনেরা লাশের সন্ধানে বের হয়েছিলেন। পুলিশের কাছেও গিয়েছিলেন তাঁরা। পরে পুলিশ একজনকে আটকের পর জানতে পারে, পুরো বিষয়টি ছিল সাজানো। ভিডিওতে যাঁর গলা কাটতে দেখা গেছে তিনিও মরেননি। পুলিশ শনিবার রাতে ফরিদপুর থেকে আদেলকেও আটক করেছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে দেড় লাখ টাকা বাজি ধরে হেরে যান আদেল। বাজির টাকা না দেওয়ার ফন্দি করতে থাকেন তিনি। নিজে খুন হয়েছেন, এমন ভিডিও ধারণ করান দুই বন্ধুকে দিয়ে। আদেলের বাড়ি ফরিদপুরের সদরপুরের চরব্রাহ্মণদী গ্রামে। তিনি ঢাকার একটি হোটেলে কাজ করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত শুক্রবার আদেলের ভাই সাইদুল শিকদারসহ কয়েকজন তাঁদের কাছে আসেন। তাঁরা পুলিশকে একটি ভিডিও দেখান, যেখানে দেখা যাচ্ছে, দুই তরুণ মিলে আদেলকে হত্যা করছে। পুলিশ তদন্তে নেমে শনিবার বিকেলে তেজগাঁওয়ের বেগুনবাড়ি বস্তি থেকে ইমরান নামে এক তরুণকে আটক করে। ইমরান এফডিসিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আদেলকে খুন করা হয়নি। আদেল তাঁকে দুই হাজার টাকা দিয়েছিল ‘খুনের’ দৃশ্য তৈরির জন্য। তাঁর ‘বসকে’ এই ভিডিও দেখাবেন বলে জানান।

এডিসি কামরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে ইমরান জানান, আদেল কিছুক্ষণ আগেই তাঁর সঙ্গে এফডিসিতে ছিলেন। আদেলের খোঁজে পুলিশ সেখানে যায়। এর আগেই সটকে পড়েন তিনি। পুলিশ ওই যুবকের স্বজনদের জানায়, আদেলের বাড়ি ফিরে গেলে যেন পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার রাতেই তিনি বাড়ি ফিরে যান। সদরপুর থানার পুলিশ তাঁকে আটক করে ঢাকায় পাঠায় গতকাল রোববার সকালে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আদেল বলেছেন, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলায় তিনি বাজি ধরে ৪০ হাজার টাকা জিতেছিলেন। পরে ফাইনাল খেলায় বাংলাদেশের পক্ষে দেড় লাখ টাকা বাজি ধরে হেরে যান। এই টাকা না দেওয়ার জন্য আদেল নিজেকে মৃত প্রমাণ করতে বন্ধুদের দিয়ে ভিডিওটি বানিয়েছিলেন। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আদেলের পরিবার তা দেখে ভড়কে যায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এতে অংশ নেওয়া বন্ধুদেরও ব্ল্যাকমেল করে টাকার জন্য চাপ দেন আদেল। এমনকি নিজের গলার স্বর পাল্টে এক ভাইকে ফোন করে বলেন, ‘আদেলের লাশ চট্টগ্রামে জিইসি মোড়ের পাশের এক জংলায় রয়েছে।’ ওই ফোন পেয়ে আদেলের পরিবারের কয়েকজন সদস্য চট্টগ্রামে খুঁজতে যান। এর মধ্যে আদেল নিজেই বাড়ি ফিরে যান।