বাজেট অধিবেশন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ২০১৬-১৭ সালের বাজেট অধিবেশন আজ বুধবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। এটি হবে এই সংসদের ১১তম অধিবেশন।
এই অধিবেশনে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬ সহ কয়েকটি বিল পাস হতে পারে। ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তাবিত বৈদেশিক অনুদান বিলটি চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। প্রস্তাবিত এ আইনে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন, অশোভন বা কটাক্ষমূলক বক্তব্য দিলে তার নিবন্ধন বাতিল করা হবে।
এই অধিবেশনে কাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। ৩০ জুন বাজেট বিল পাস হবে। এর বাইরে এ অধিবেশনে উত্থাপনের জন্য মঙ্গলবার পর্যন্ত সংসদ সচিবালয়ে নতুন দুটি বিল জমা পড়েছে। বিল দুটি হলো রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফার কাউন্সিল বিল। এ ছাড়া আগের অধিবেশনগুলোতে উত্থাপিত ১৮টি বিল পাসের প্রক্রিয়ায় আছে।
এদিকে ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।