বাজেট অধিবেশন কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। বর্তমান সরকারের এটি দ্বিতীয় বাজেট। আগামী ১০ জুন সংসদে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বাজেট পেশ করবেন।অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় এ অধিবেশনের কার্যকাল ও সময়সীমা নির্ধারণ করা হবে। জানা গেছে, এবারের বাজেট অধিবেশন মধ্য জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনের জন্য গতকাল পর্যন্ত ১৫টি বিল জমা পড়েছে। আরও পাঁচটি বিল এ অধিবেশনে আসার কথা। জমা পড়া বিলগুলোর মধ্যে আছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল-২০১০, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১০, বাংলাদেশ গ্যাস বিল-২০১০, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০১০ ইত্যাদি।এবারের বাজেট অধিবেশনেই দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে প্রথমবারের মতো সংসদে ডিজিটাল পদ্ধতিতে বাজেট উত্থাপন করা হবে। এ জন্য বাজেট ঘোষণায় মাল্টি-মিডিয়া প্রযুক্তির ব্যবহার হবে। অর্থমন্ত্রী পুরো বাজেট পাঠ করবেন না। বাজেট বক্তৃতা আগে থেকে রেকর্ড করে অধিবেশন কক্ষে মাল্টি-মিডিয়া প্রজেক্টরের সাহায্যে ডিসপ্লে বোর্ডে দেখানো হবে।বাজেটের ওপর এবার ৪০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাজেট অধিবেশনের সব প্রস্তুতিই ইতিমধ্যে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। প্রায় ১০ মাস পর গত অধিবেশনে বিএনপি সংসদে ফিরে আসায় অধিবেশন প্রাণবন্ত হয়ে ওঠে। চলতি বাজেট অধিবেশন নবম সংসদের পঞ্চম অধিবেশন।