বাজেট অধিবেশন বসছে আজ
দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। এই অধিবেশনে ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন।
আজ অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশন কত দিন চলবে তা এই বৈঠকে নির্ধারিত হবে।
অধিবেশন সম্পর্কে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, কয়েক দিন পর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। সেই সময়ে অধিবেশন চলবে। কিছুদিন আগে ভারতের পার্লামেন্টে সীমান্তচুক্তি বিল পাস হয়েছে। এ কারণে অধিবেশনটি বাড়তি গুরুত্ব পাবে।
অর্থমন্ত্রী বাজেট বিল উত্থাপনের পর ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা। ইতিমধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেট তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এই অধিবেশনে উত্থাপনের জন্য চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো: সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫, বাংলাদেশ চা-শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৫ এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বিল ২০১৫। এ ছাড়া গত অধিবেশন পর্যন্ত পাসের অপেক্ষায় আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৪, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল ২০১৫ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৫।