নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে। এই অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে।অধিবেশন কত কার্যদিবস স্থায়ী হবে তা আজ বিকেল সাড়ে চারটায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। এই বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি যোগ দেবে কি না, এ ব্যাপারে গতকাল পর্যন্ত দলটিতে সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে ১১ জুন বিরোধী দলের মহাসমাবেশের আগে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে দলের একটি সূত্র জানিয়েছে। জানতে চাইলে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বাজেট অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে সংসদে যোগ দিতে হলে তাদের সংসদীয় দলের বৈঠকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির অপর একটি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক-ব্যবস্থার পুনর্বহাল, নিখোঁজ ইলিয়াস আলী ও কারাবন্দী পাঁচ সাংসদসহ ৩৪ নেতার মুক্তি না দিলে বিরোধী দল বাজেট অধিবেশন পুরোপুরি বর্জন করতে পারে।এর আগে টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিএনপি ও তাদের শরিক দলের সাংসদেরা গত ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল। সরকারি দলের অভিযোগ, বিএনপি মূলত সদস্যপদ রক্ষায় ওই অধিবেশনে গিয়েছিল।সংসদে নিয়মিত না থাকলেও দ্বাদশ অধিবেশন পর্যন্ত বিএনপি ও তাদের শরিকেরা ৭১৬টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল। স্পিকার এসব প্রস্তাবের একটিও গ্রহণ করেননি। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরই মধ্যে তারা ১৭টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। মুলতবি প্রস্তাবের বিষয়গুলো হলো: তত্ত্বাবধায়ক-ব্যবস্থার পুনর্বহাল, দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের, দলীয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা ইত্যাদি।সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশনের জন্য এখন পর্যন্ত পাঁচ শতাধিক সিদ্ধান্ত-প্রস্তাব সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।