জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে ১৩ জুলাই পর্যন্ত।
এটি দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন। এই অধিবেশনে কাল বৃহস্পতিবার আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন বলে তিনি আশা করেন।
স্পিকার অধিবেশনের শুরুতে সাবেক সাংসদ মোহাম্মদ আবদুর রশিদ ও আবদুল মতিন মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন। সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, সাবেক সচিব মোহাম্মাদ নুরুল হুদা, অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ, আবৃত্তিকার কাজী আরিফ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা মিহির নন্দীর মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে।
এ ছাড়া যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলা এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়। নিহত ব্যক্তিদের স্মরণে অধিবেশনের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধিবেশন শুরুর আগে বাজেট অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় কার্য উপদেষ্টা কমিটি। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৭ জুন অধিবেশন মুলতবি থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে। বাজেটের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়।