বাজেট অধিবেশনেই সংসদ টিভির সম্প্রচার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাই মাসে ‘সংসদ বাংলাদেশ’ নামের টেলিভিশন চ্যানেলের কাজ শুরু হচ্ছে। পরীক্ষামূলকভাবে সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন ধারার এই চ্যানেলের প্রচার শুরু হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতিমধ্যে টেলিভিশনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। আগামীকাল ২ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনের শেষ দিকে এ চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। বাজেট অধিবেশন চলবে প্রায় দুই মাস। তবে চ্যানেলটির ‘সংসদ বাংলাদেশ’ নামটি পরিবর্তনও হতে পারে। আগামী সপ্তাহেই নাম চূড়ান্ত করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। নতুন বিশেষায়িত এ টিভি চ্যানেলের কাজ নিয়ে স্পিকার আবদুল হামিদ তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে সংসদ ভবনে একাধিকবার বৈঠক করেছেন। এসব বৈঠকে সংসদ সচিবালয় ও তথ্য মন্ত্রণালয় এবং বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদ নিয়ে পৃথক টিভি চ্যানেল শুরুর কাজ বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। জুনেই এ চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। পর্যায়ক্রমে চ্যানেলটিকে সমৃদ্ধ করা হবে। তিনি বলেন, গণতন্ত্রকে আরও বেশি জবাবদিহিমূলক করতে এ টিভি চ্যানেল কাজ করবে। সংসদ কার্যক্রম নিয়ে নানা ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।নতুন এই চ্যানেলের সম্প্রচার বিটিভির সহায়তায় শুরু হবে। এ জন্য বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় চ্যানেলটি ব্যবহার করা হবে। স্থাপনা, জনবল, যন্ত্রাংশ সবই হবে বিটিভির। তবে পর্যায়ক্রমে সংসদ টিভির জন্য পৃথক জনবল কাঠামো তৈরি এবং জনবল নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এ টিভি পরিচালনার জন্য বিটিভিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে সংসদ সচিবালয়। এ জন্য আগামী অর্থবছরে সংসদের বাজেটে নতুন টিভি চ্যানেলের খরচ হিসেবে ১৫ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দসহ আগামী অর্থবছরে সংসদ সচিবালয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ৬০ কোটি টাকা। সাংসদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ার কারণেই প্রায় ৪০ কোটি টাকা বেশি চাওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, অনুষ্ঠানের পরিকল্পনা ও মান-নিয়ন্ত্রণে সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয় এবং বিটিভির কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি অনুষ্ঠান পরিকল্পনা ও মান পর্যালোচনা করবে। প্রাথমিকভাবে এ চ্যানেলে সংসদ অধিবেশন সারাসরি সম্প্রচারের বাইরে সংসদীয় কমিটির সভা, সংসদে বিভিন্ন সময়ে হওয়া গুরুত্বপূর্ণ বিতর্ক, বিভিন্ন দেশের সংসদ কার্যক্রম পরিচালনা নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদের এর আগের অধিবেশনে গত ১১ ফেব্রুয়ারি সংসদ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র টিভি চ্যানেল চালুর প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।