বাজেট অধিবেশনের আগেই দলীয় সাংসদদের মুক্তি চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই দলীয় সাংসদদের মুক্তি চেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, আইন অনুযায়ী বাজেট অধিবেশন শুরুর সাত দিন আগে কারাবন্দী সাংসদদের মুক্তি দিতে হবে। কিন্তু তা না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, বিএনপির সঙ্গে সমঝোতায় আসুন। নইলে দেশ সংঘাতের দিকে যাবে। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান প্রমুখ।সংসদীয় দলের দাবি: ২৭ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। তার আগেই কারাবন্দী বিরোধীদলীয় সাংসদদের মুক্তি দাবি করেছে বিএনপির সংসদীয় দল।গতকাল সকালে সংসদ ভবনের পূর্ব দিকের সড়কে বিএনপির সাংসদদের এক মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ দাবি জানান। তিনি রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, অধিবেশনের আগেই কারাবন্দী সাংসদ এম কে আনোয়ার, অলি আহমদ, মাহবুবউদ্দিন, আন্দালিব রহমান ও শহীদ উদ্দীন চৌধুরীকে মুক্তি দিন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদেরও মুক্তি দাবি করেন।স্পিকার আবদুল হামিদের সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদের পাঁচজন সাংসদ মিথ্যা মামলায় গ্রেপ্তার হলেন অথচ স্পিকার তাঁদের কোনো খবর নিলেন না। এতে প্রমাণিত হয়, স্পিকার নিরপেক্ষ নন। নিরপেক্ষ হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইতেন, কেন সাংসদদের গ্রেপ্তার করা হলো। মানববন্ধনে সাংসদ বরকত উল্লা, আবুল খায়ের ভূঁইয়া, রেহানা আখতার, সৈয়দা আসিফা আশরাফী প্রমুখ বক্তব্য দেন।