প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনেই বক্তার সংকট থাকায় সংসদ অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাধ্য হয়েই আগেভাগে সংসদ অধিবেশন মুলতবি করলেন।
গতকাল বুধবার সংসদ অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের শেষে অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করে ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন। এতে চারজন সাংসদ আলোচনায় অংশ নেন। তাঁরা হলেন সরকারি দলের আলী আশরাফ, আবু সাইদ আল মাহমুদ, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
ইসরাফিল আলমের বক্তব্য শেষ হওয়ার পরপরই দুপুর সোয়া ১২টার দিকে ডেপুটি স্পিকার সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেওয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনারা এখন নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তী সময়ে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদামতো সময় দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।’
গতকাল ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপ বা হুইপগণ আগেই স্পিকারের কাছে বক্তাদের তালিকা দেন। বক্তার সময়ও হুইপগণ নির্ধারণ করে দেন। সে তালিকা অনুযায়ী স্পিকার বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে কারও সময় বাড়ানোর প্রয়োজন হলে সেটা স্পিকারই বাড়িয়ে দেন।
সরকারি দলের সাংসদদের সমালোচনা: প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ আলী আশরাফ বলেন, ব্যাংকে ৬০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আছে। আদায়ের ব্যবস্থা নেই। হল-মার্ক টাকা লুটপাট করল, বেসিক ব্যাংকের টাকা লুট হলো, এসব তো জনগণের টাকা। তিনি বলেন, জনগণের পক্ষে এগুলোর খোঁজখবর নেওয়ার দায়িত্ব সংসদের। এটা জানার অধিকার সংসদের আছে। দুর্নীতির কথা শোনা যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজন। তিনি সর্বত্র দক্ষতা ও নজরদারি বাড়িয়ে নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।
স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, সেতুমন্ত্রীর এলাকায় এত বড় বড় রাস্তা যে হেলিকপ্টার নামতে পারে। স্থানীয় সরকারমন্ত্রীর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু দেশের অন্যান্য এলাকায় উন্নয়ন নেই। এই উন্নয়নবৈষম্য দূর করা দরকার।
সরকারি দলের ইসরাফিল আলমও উন্নয়নবৈষম্যের অভিযোগ করেন।