বাজেট আলোচনাকে গুরুত্ব না দেওয়ায় সংসদে ক্ষোভ
সাংসদদের বাজেট আলোচনাকে গুরুত্ব না দেওয়ায় জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পয়েন্ট অব অর্ডারে সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করলে স্পিকার আবদুল হামিদও এর সঙ্গে একমত পোষণ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।গতকাল অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাধারণত বাজেট আলোচনায় অর্থমন্ত্রী উপস্থিত না থাকলে প্রতিমন্ত্রী বা পরিকল্পনামন্ত্রী উপস্থিত থাকেন। তাঁরাও যদি না থাকেন, তবে অর্থসচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদের গ্যালারিতে উপস্থিত থেকে বাজেট আলোচনার নোট নেন এবং পরে এ বিষয়ে অর্থমন্ত্রীকে অবহিত করেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, তা হচ্ছে না। সুরঞ্জিতের বক্তব্যকে যৌক্তিক অভিহিত করে এ সময় স্পিকার বলেন, ‘সংসদে বাজেট আলোচনা শুনে কেউ নোট না নেওয়া দুঃখজনক। বিষয়টিকে আমি মোটেও ভালো মনে করি না।’ এ সময় কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার দাবি জানান আসাদুজ্জামান নূর। বাজেট আলোচনার পর সংসদ অধিবেশন কাল শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।