জামায়াত ও হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে সংসদে উত্তেজনা ছড়িয়েছেন সরকারি ও বিরোধীদলীয় দুই নারী সাংসদ।
বাজেট আলোচনায় অংশ নিয়ে গত ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় ‘স্বেচ্ছাসেবক লীগের দেবাশীষ গংরা’ পবিত্র কোরআন পুড়িয়েছে বলে দাবি করেন বিরোধীদলীয় সাংসদ রাশেদা বেগম।
এর জবাব দেন সরকারদলীয় সাংসদ তারানা হালিম। তিনি সন্ত্রাস দমন আইনের একটি ধারার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের অসত্য বক্তব্য আদালতে প্রমাণিত না হলে দোষী সাব্যস্ত হবেন।
জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বুধবার এসব বিতর্ক হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
তারানা হালিম তাঁর বক্তব্যে প্রস্তাবিত বাজেটে সংবাদপত্রে ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান।
মাগরিবের নামাজের পর বিএনপি অধিবেশনে যোগ দেয়। রাশেদা বেগম বাজেটের আলোচনায় অংশ নিয়ে বলেন, সরকারের ভুল নীতির কারণে দেশের প্রত্যেক ভিক্ষুক পর্যন্ত সাড়ে আট হাজার কোটি টাকার ঋণের বোঝা বহন করছে। গার্মেন্টস শিল্প চলে যাচ্ছে ভারতে।
৫ মে হেফাজতের নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি করা হয়েছে উল্লেখ করে রাশেদা বেগম বলেন, ‘ধর্মীয় নেতাদের ওপর আক্রমণের জন্য সরকার হিটলারের কূটচাল চালিয়েছে। হেফাজতের কর্মীদের ওপর যখন আক্রমণ চালানো হচ্ছে, তখন দেবাশীষ গংরা নিরাপত্তা বাহিনীর ছত্রচ্ছায়ায় আগুন দিয়েছে পবিত্র কোরআনে। এর জবাব ইহকালে-পরকালে দিতে হবে।’
এ সময় সরকারি দলের সদস্যরা ‘না, না’ বলে চিৎকার করে ওঠেন।
পরে আলোচনার সুযোগ আসে সরকারি দলের সাংসদ তারানা হালিমের। তিনি বলেন, বিরোধী
দল হেফাজতকে গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। তারা দেশে মন্দির, প্যাগোডা, উপাসনালয় পুড়িয়ে সুবিধা নিতে চাচ্ছে বলেও দাবি করেন তারানা হালিম। তিনি বলেন, বিরোধী দল সত্যও বলেন না। বলেন অর্ধসত্য, যা মিথ্যার চেয়েও ভয়ংকর।
তারানা হালিম আরও বলেন, পবিত্র কোরআন কারা পুড়িয়েছে, তা সিসিটিভিতে রয়েছে, মনে রাখবেন দেবাশীষ নিজেই কিন্তু মামলা করেছেন।
ব্যালটের মাধ্যমে জনগণ ভবিষ্যতে সরকারকে জবাব দেবে, সম্প্রতি খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তারানা হালিম বলেন, ‘ব্যালটের মাধ্যমে জনগণ আপনাকে রাজনীতি থেকে বসিয়ে দেবে। জনগণ আপনাকে “ব্রাকেটে” [বিএনপিকে ব্রাকেটবন্দী অর্থে] ফেলে দেবে।’ তাঁর এই বক্তব্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়।
এ সময় বিরোধী দলের সাংসদেরা হইচই করে ওঠেন।
এ পর্যায়ে স্পিকার জানান, কোনো অশোভন উক্তি থাকলে তা পরীক্ষা করে এক্সপাঞ্জ করা হবে।
এর আগে মাগরিবের নামাজের বিরতির আগ পর্যন্ত উত্তাপহীন সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদেরা বাজেট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর বক্তব্য দেন।
নির্বাচনকালীন সরকার বিষয়ে দুই নেত্রীকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির সাংসদ মজিবর রহমান বলেন, ‘আপনারা দুজন বসে সিদ্ধান্তে আসেন। আপনারা সিদ্ধান্ত নিলে মানুষ তা গ্রহণ করবে। সংবিধান সংশোধন করা যাবে। ইচ্ছা থাকলে আইন পাস করা যায়।’
আলোচনায় অংশ নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ফরিদপুর বিগত সময়ে ফকিরপুর নামে পরিচিত ছিল।’
বিএনপির সাংসদ লুৎফর রহমান বলেন, বাজেটে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তা মূলত গত সাড়ে চার বছরে আওয়ামী লীগাররা যে টাকা আয় করেছেন, তা সাদা করতে।
সাংসদ লুৎফর বলেন, ‘এটা আওয়ামী লীগকে বাঁচানোর বাজেট।’
আলোচনায় আরও অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন, এ বি এম আবুল কাশেম, গিয়াসউদ্দিন আহমেদ, খালেদুর রহমান, একাব্বর হোসেন, মোসলেম উদ্দিন, আবু জাহির, ফরিদুল হক খান প্রমুখ।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করা হয়।