বাজেট আলোচনায় ইস্যুহীন হরতালের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের একাধিক সাংসদ বিরোধী দলের হরতাল কর্মসূচির সমালোচনা করে বলেছেন, ইস্যুহীন হরতাল দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সংসদে এসে আলোচনা না করে তারা ষড়যন্ত্রের রাজনীতি করছে। জনগণ নিশ্চয়ই এর জবাব দেবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ছিল বিশ্বব্যাংকের কড়া সমালোচনা।বিশ্বব্যাংকের সমালোচনা: গতকাল শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘কথা বলার সময় লাগাম টেনে কথা বলবেন। অত সাহায্য দেন না যে, এত ছড়ি ঘোরাবেন।’ তিনি বলেন, ‘হেদায়েত করা একটু কমান। মাঝে মাঝে কাগজে দেখি আপনারাই দেউলিয়া হয়ে যাচ্ছেন।’ তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা ইস্যুহীন রাজনীতি করছে।মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন বাজেট নিয়ে এক আলোচনায় বলেছেন, ডেটা নিয়ে পরিসংখ্যান ব্যুরো ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তিনি পরিসংখ্যান ব্যুরোকে সমর্থনের কথাই বলেছিলেন। মতিয়া চৌধুরী ওই কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অযোগ্যতাকেই উৎসাহিত করছেন। কার স্বার্থ আপনারা দেখছেন? কারও স্বার্থ সংরক্ষণের জন্য তো আপনাদের পাঠানো হয়নি।’কৃষিমন্ত্রী বলেন, ‘গরিবের দিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দারিদ্র্যের বলয় থেকে বেরিয়ে আসব।’ তিনি বলেন, এই বাজেটে জনপ্রতি মাসে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৫০ টাকা। তাহলে এই বাজেটকে কীভাবে উচ্চাভিলাষী বলা হয়।বিএনপির বক্তব্যের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, তাদের নীতি হলো, ঋণ আনো আর ঘি খাও।দ্রব্যমূল্য স্থিতিশীল: বাজেট আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, গত দেড় বছরে সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে। আগামী অর্থবছরেও যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, তার ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের রপ্তানি বেশি হয়েছে। আগামী অর্থবছরে আরও বেশি হবে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জনসচেতনতা তৈরির জন্য প্রচার-প্রচারণা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, এ সরকারের বড় সাফল্য হলো, গত এক বছরে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে।আব্দুল জলিল বলেন, বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনে সরকার বেশ কিছু গণমুখী পরিকল্পনা নিয়েছে। প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে তিনি বলেন, ভালো কিছু করতে হলে উচ্চাভিলাষ থাকতে হবে।আব্দুল জলিল মেয়াদোত্তীর্ণ সব স্থানীয় সরকারে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ নির্বাচন না হওয়ায় এসব স্থানীয় সরকার স্থবির হয়ে পড়েছে।হরতালের সমালোচনা: হরতালের সমালোচনা করে আব্দুল জলিল বলেন, বিরোধী দলের হরতালের কী উদ্দেশ্য, কেন—বুঝি না। তিনি বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, ‘হরতাল দুর্ভোগ সৃষ্টি না করে। আসুন, সংসদে বসে আলোচনা করে সব সমস্যার সমাধান করি।’শাহরিয়ার আলম হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রার্থী জেতার পরও কেন তারা হরতাল দিল, তা কারও কাছে বোধগম্য নয়। আসমা জেরিন বলেন, এ ধরনের ইস্যুবিহীন হরতাল মানুষ ভালোভাবে নেবে না। কারণ এতে গণদুর্ভোগ ছাড়া আর কিছুই হবে না। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ পোশাকশিল্পে অসন্তোষ বন্ধে মালিক-শ্রমিক উভয় পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারকেও এ ব্যাপারে উদ্যোগী হয়ে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। যাতে এ ধরনের সম্ভাবনাময় খাত নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে। তিনি বলেন, গত বছরের বাজেটকে বিরোধী দল অবাস্তব বললেও সরকার তা বাস্তবায়ন করেছে। সরকার উদ্যোগী হলে এবারের প্রস্তাবিত বাজেটও বাস্তবায়িত হবে।আলোচনায় আরও অংশ নেন এইচ এন আশিকুর রহমান, ফজলে হোসেন বাদশা, মো. শাহজাহান মিয়া, রফিকুল ইসলাম, নূরে আলম চৌধুরী, কাজী কেরামত আলী প্রমুখ।সংসদের বৈঠক আজ রোববার বেলা চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।