বাজেট আলোচনায়ও অপহরণ-গুম প্রসঙ্গ
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো র্যাবের তিন কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ।
অপহরণ, গুমসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদও।
রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভায় এফবিসিসিআইয়ের সাবেক ও বর্তমান দুই সভাপতি এসব দাবি জানান। এফবিসিসিআই ও এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে যে তিনজন আর্মি অফিসার জড়িত, আমি অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি। ভবিষ্যতে যেন এমন গুম, খুন না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে।’
অনাকাঙ্ক্ষিত ঘটনার উল্লেখ করে কাজী আকরাম উদ্দিন বলেন, ‘আমরা এ ধরনের জঘন্য অপরাধমূলক তত্পরতার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনা নাগরিক জীবনসহ ব্যবসার পরিবেশকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। নাগরিক স্বাচ্ছন্দ্য এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’