বাজেট-উত্তর ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়োজিত বাজেট-উত্তর ইফতার মাহফিলে যোগ দেন। প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছালে অর্থমন্ত্রী তাঁকে স্বাগত জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে ইফতারে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গণভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ এবং স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
মাহফিলে স্পিকার শিরীন শারমীন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল, শিক্ষাবিদ, সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও ইফতারে যোগ দেন।