
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ সময় শীতলক্ষ্যা নদীর ওপর ‘কদমরসুল সেতু’র নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে উন্মুক্ত অনুষ্ঠানে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। মেয়র জানান, প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৪৮৬ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ৮২৫ টাকা। এ হিসাবে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ১০ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকা।
সেলিনা হায়াৎ আইভী বলেন, শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নগরীর ৫ নম্বর ঘাট থেকে ইস্পাহানি ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করবে সিটি করপোরেশন। সেতুটির নাম হবে ‘কদমরসুল সেতু’। সেতু নির্মাণের চূড়ান্ত নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি।
সিটি মেয়র বলেন, সবুজ ও পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার সংরক্ষণ-সংস্কার করা হবে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ, শতভাগ স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও সড়কবাতি স্থাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নতুন করে কর আরোপের প্রস্তাব নেই—এমনটা উল্লেখ করে আইভী বলেন, ঢাকা মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত এবং ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সার্কুলার রোড নির্মাণ করা হবে। বাজেটে ১০ তলা নগর ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নতুন বাস টার্মিনাল নির্মাণ করে সিটিবাস সার্ভিস চালু করা হবে।
আইভী আরও বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থাপনের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নগর হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে। বাজেট ঘোষণার পর মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় প্যানেল মেয়র মোহাম্মদ ওবায়েদউল্লাহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলেরা ও নাগরিকেরা উপস্থিত ছিলেন।