বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-২০১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। ‘যুগান্তকারী’ থেকে শুরু করে ‘গতানুগতিক’ ও ‘ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল’ পর্যন্ত বিভিন্ন ধরনের বিশেষণে আখ্যায়িত করা হয়েছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট পেশের পর বিভিন্ন সংগঠন প্রতিক্রিয়া জানিয়ে মিছিল-সমাবেশ করে। এ ছাড়া বিবৃতি দিয়েও অনেকে বাজেট সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরেছে।প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সরকারি দলের সমর্থক বিভিন্ন সংগঠন। জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন বাজেটকে স্বাগত জানিয়েছে।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নীতি ও দর্শনের দিক থেকে এ বাজেট গতানুগতিক। তাঁরা এ বাজেটকে ‘ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল’ হিসেবে আখ্যায়িত করেন। ওই দুই নেতা বলেন, এতে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের জন্য কিছু লোক-দেখানো প্রচেষ্টা দেখানো হলেও বাজেটের সামগ্রিক আয়োজনের লক্ষ্যই হলো ধনীকে আরও ধনী করার সুযোগ সৃষ্টি।জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের প্রতিক্রিয়ায় বলেছে, বাজেটে সরকার, রাষ্ট্র ও কর প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই বাজেটের কারণে জনদুর্ভোগ বাড়বে। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই বাজেট গণমুখী। এতে সাধারণ মানুষের কষ্টের লাঘব হবে। বাজেটে বাজার নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ রয়েছে।’ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাজেটে ‘ব্যাপক হারে’ আরোপিত ভ্যাট ও কর জনস্বার্থে যৌক্তিক পর‌্যায়ে আনার দাবি করেছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া এবং তামাকের ওপর বেশি করারোপকে সাধুবাদ জানিয়েছে সংগঠনটি।শিক্ষকদের গেজেটেড মর‌্যাদাদান ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়ে বাজেটে সুস্পষ্ট কোনো ঘোষণা না থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেছে, বাজেট ‘সুদূরপ্রসারী’ তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে।