বাজেট পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ৩১টি ওয়ার্ডের প্রতিটির জনপ্রতিনিধিসহ ওয়ার্ডবাসীকে সিটি করপোরেশনের বাজেট পরিকল্পনায় সম্পৃক্ত করে তাঁদের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা করা এবং নগরের পরিবেশ সুরক্ষার জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখাসহ বেশ কিছু দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’।
গতকাল শুক্রবার দুপুরে নগরের লায়ন্স ক্লাব ভবনে ‘খুলনা সিটি করপোরেশনের বাজেট ২০১৬-১৭ এবং নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো নগরে সিটি হাসপাতাল করে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এর মাধ্যমে করপোরেশনের আয়ের উৎস বাড়ানো, বস্তি উন্নয়নের পরিকল্পনা বাজেটে স্পষ্ট করা এবং লিনিয়ার পার্কসহ করপোরেশনের চলতি সব প্রকল্পের কাজ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এ ছাড়া নাগরিক ও শিশুদের বিনোদনের জন্য খুলনার সাতটি পার্ককে আরও আধুনিক ও ব্যবহার উপযোগী করার জন্য নিজস্ব বাজেট রাখারও দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদা। তিনি বলেন, সিটি করপোরেশনের উন্নয়নে রাজস্ব যেমন প্রয়োজন, তেমনি নিজস্ব আয় বাড়ানোর প্রকল্প গ্রহণ করাও দরকার। নিজেদের আয়েই এই বাজেট করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিটি করপোরেশন ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৫ জুলাই বাজেট পেশ করবে। এই বাজেটের আকার ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। আয়ের খাত হিসেবে যে দিকগুলো ধরা হয়েছে তার মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৯২ কোটি টাকা। সমাপনী স্থিতি রয়েছে ৩৫ কোটি টাকা। বাকি ২৮২ কোটি টাকার মধ্যে সরকারি অনুদান ও বিশেষ প্রকল্প বা দাতা সংস্থার অনুদাননির্ভর আয় ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।