বাজেট পাস, আজ শুরু নতুন অর্থবছর
জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ-সংক্রান্ত বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। আর আজ বুধবার থেকে শুরু হচ্ছে নতুন এ অর্থবছর।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এতে বৈদেশিক অনুদানসহ বিভিন্ন খাত থেকে সরকারের মোট রাজস্ব আয় দেখানো হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৩ কোটি টাকা। আর অনুদানের ৫ হাজার ৮০০ কোটি টাকা বাদ দিয়ে বাজেট ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৫ শতাংশ।
এর আগে গত সোমবার সংসদে অর্থবিল-২০১৫ পাস হয়। যে বিলে কর-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার বিপরীতে মোট ৫৬টি বরাদ্দ মঞ্জুরির দাবি উপস্থাপন করা হয়।
৪৯টি মঞ্জুরি দাবি কোনো আলোচনা ছাড়াই সরাসরি কণ্ঠভোটে পাস হয়। তবে সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধীদলীয় ও স্বতন্ত্র সাংসদেরা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
গত ৪ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য কর আদায়ের লক্ষ্য ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। বাকি রাজস্ব আদায় হবে এনবিআরবহির্ভূত কর ও কর ব্যতীত প্রাপ্তি থেকে। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার ধরা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা।
বাজেট ঘোষণার পর থেকে সুশীল সমাজ, গবেষক, অর্থনীতিবিদ, সাবেক আমলাসহ বিভিন্ন মহল থেকে রাজস্ব আদায়সহ বাজেটের নানা লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় প্রকাশ করা হয়। তবে অর্থমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে এটিকে ‘বাস্তবায়নযোগ্য’ বলে দাবি করা হচ্ছে। গত সোমবারও সংসদে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট বাস্তবায়নের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন তিনি।
ছাঁটাই প্রস্তাব: যে সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয় সেগুলো হলো: জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলীয় ও স্বতন্ত্র একাধিক সাংসদ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবি জানান। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটি খুবই দুঃখজনক ও কূট পরামর্শ। সুযোগ থাকলে চাকরিতে প্রবেশের বয়সসীমা কমিয়ে আনতাম। কারণ, যাঁরা সরকারি চাকরিতে আসতে চান, যুবক হিসেবে ২১-২২ বছর বয়সে তাঁদের পরিপূর্ণ বিকাশ ঘটে। ওই সময়টা সরকারি চাকরিতে প্রবেশের উৎকৃষ্ট সময়।’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবকারী সাংসদেরা বিদেশে অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা জাতির সামনে প্রকাশের দাবি তোলেন। পাশাপাশি ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে এর প্রতিকার দাবি করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেকগুলো প্রস্তাব খুবই ভালো। কিন্তু এগুলো মানা কষ্টকর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় একাধিক সাংসদ সরকারি হাসপাতালের সেবার মান ও ওষুধের দাম নিয়ে অসন্তুষ্টির বিষয়টি তুলে ধরেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় একাধিক সাংসদ প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন ও সব মুক্তিযোদ্ধার জন্য সমান ভাতার দাবি জানান।
নির্দিষ্টকরণ বিল পাস : আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট ৪ লাখ ১৫ হাজার ৩০৮ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকার ‘নির্দিষ্টকরণ বিল-২০১৫’ কণ্ঠভোটে সংসদে পাস করা হয়। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ প্রায় ২ লাখ ৭১ হাজার ১৩১ কোটি টাকা। আর সংযুক্ত তহবিলের দায় প্রায় ১ লাখ ৪৪ হাজার ১৭৭ কোটি টাকা।
গত ৪ জুন বাজেট উপস্থাপনের পর গত সোমবার পর্যন্ত সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। তাতে ২১৯ জন সাংসদ অংশ নেন।