বাংলাদেশের বাজেটব্যবস্থার পুরো প্রক্রিয়াই কেন্দ্রমুখী। এতে তৃণমূল মানুষের অংশগ্রহণ নেই।
করব্যবস্থা, সুশাসন ও বাজেটের গণতন্ত্রায়ণ বিষয়ে গতকাল শনিবার সকালে নোয়াখালীতে গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। পল্লী উন্নয়ন একাডেমির (বিআরডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ গোলটেবিলের আয়োজক বেসরকারি সংগঠন গণতান্ত্রিক বাজেট আন্দোলন।
আলোচকেরা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও বাজেট বা কর বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারে না। এসব কারণে কেন্দ্রের সঙ্গে প্রান্তের উন্নয়নবৈষম্য তৈরি হচ্ছে, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বাইরে থেকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে করব্যবস্থায় ন্যায্যতা ও বাজেট-প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা প্রয়োজন।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন নোয়াখালীর সভাপতি আবদুর রহিমের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মোমিন, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোল্লা হাবিবুর রসূল, সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূঁইয়া, বেসরকারি সংগঠন প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম প্রমুখ।