বাজেট প্রণয়নে সাংসদদের চেয়ে আমলাদের ভূমিকাই বেশি। বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সাংসদদের ভূমিকাই বেশি হওয়া উচিত। গতকাল বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে সংসদের বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট (বামু) আয়োজিত ‘সংসদ সদস্যদের বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন।এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বলেন, বাজেট প্রণয়নে যান্ত্রিকতা এমনভাবে চেপে বসেছে যে, এর থেকে বের হওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘বাজেটের টাকার অঙ্ক নিয়ে আমরা কথা বলি, কিন্তু এর থেকে জনগণের কী উন্নতি হচ্ছে, সেটা কি ভাবা হচ্ছে?’মতবিনিময় সভায় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িত থাকার কথা সাংসদদের। অথচ তাঁরা সে ভূমিকা রাখতে পারেন না। সাংসদেরা নীতি নির্ধারণ করবেন। আমলারা তাঁদের নির্দেশ শুনবেন। কিন্তু হয় উল্টোটা। বাজেট দেওয়া হয় জনগণের জন্য। অথচ এর সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নেই। আর যাঁদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তাঁরা বাজেট প্রণয়ন করে যাচ্ছেন।সভার সভাপতি ও সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বলেন, ‘খসরু সাহেব যা বলেছেন, তা আমাদের সবার কথা।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংসদেরাও সভাপতির বক্তব্যকে সমর্থন করেন।জাসদের সাংসদ শাহ জিকরুল আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর একমাত্র তাজউদ্দীন আহমদের বাজেট ছিল রাজনৈতিক। এর পরে যাঁরা এসেছেন, তাঁরা সবাই আমলা-কামলা। একজন সাংসদ হয়ে আমি বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক দিনও কথা বলতে পারিনি। সাংসদদের কোনো মতামত বাজেটে প্রতিফলিত হয় না।’আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া বলেন, ‘এখানে সাংসদদের মত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই মতামতের প্রতিফলন কি বাজেটে থাকবে? বাজেট প্রণয়নে সাধারণ মানুষের মতামত কি অন্তর্ভুক্ত করা হয়?’ সাংসদ এস কে আবু বাকের বলেন, ‘বাজেট প্রণয়ন নিয়ে এমন একটা চর্চার মধ্যে আমরা আটকে গেছি, যেখান থেকে বের হওয়া যাচ্ছে না। এই চর্চার কারণেই বাজেট প্রণয়নে সাংসদদের সম্পৃক্ত করা যাচ্ছে না।’মতবিনিময় সভায় আরও আলোচনা করেন সাংসদ আলী আশরাফ, মমতাজ বেগম, সিরাজুল আকবর ও ইসরাফিল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিৎ চক্রবর্তী।