বাজেট প্রত্যাখ্যান করে সিপিবি-বাসদের মিছিল
২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে সিপিবি ও বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল বুধবার মিছিল ও সমাবেশ করেছে। দলটির নেতারা বাজেটকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, গতানুগতিক, সাম্রাজ্যবাদী ও লুটেরা ধনিকশ্রেণির স্বার্থে প্রণীত বলে অভিযোগ করেছেন।
দল দুটি বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। এতে বাংলাদেেশর সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান, সিপিবির নেতা আবদুল হাই ও বিমল কান্তি দাস। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, বাজেট প্রস্তাবে কথার ফুলঝুড়ি ছুটিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের মনস্তুষ্টির চেষ্টা করা হলেও বাস্তবে এতে করের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করার ব্যবস্থা করা হয়েছে। বাজেটে সমাজতন্ত্রসহ রাষ্ট্রীয় চার মূলনীতির প্রতিফলন নেই। পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে ৩ লাখ ৪০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই অর্থের বেশির ভাগ খরচ হবে আগের ঋণ পরিশোধ, শ্বেতহস্তীর মতো বিশাল সিভিল মিলিটারি প্রশাসনের রক্ষণাবেক্ষণ, বিলাসদ্রব্য আমদানি, অপচয়, দুর্নীতিসহ বিভিন্ন ধরনের সিস্টেম লস ও কর রেয়াতের নামে ধনিকশ্রেণিকে বিশাল ভর্তুকি প্রদান ইত্যাদি কাজে।
বক্তারা আরও বলেন, বাজেটে কালোটাকা সাদা করার বিধান রাখার মধ্য দিয়ে লুটপাটের ধারাকে উৎসাহিত করা হয়েছে। কর আদায়ের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে প্রায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যেহেতু ধনীদের ওপর নতুন করে কর আরোপ করা হয়নি, তাই বাড়তি এ করের বোঝা জনসাধারণকে বহন করতে হবে। বিশাল অঙ্কের বাজেট ঘাটতির ৬৮ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে। ফলে ঋণ পরিশোধের ব্যয়ও বেড়ে যাবে। বাজেটে উন্নয়ন ব্যয়ের চয়ে অনুন্নয়ন ব্যয় বেশি। প্রতিবছর সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ কমলেও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েই চলেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর লুটপাটের টাকা উদ্ধারের পদক্ষেপ না নিয়ে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুঁজিবাজারের জন্য ১৩ হাজার ১২১ কোটি টাকা বরাদ্দ করার তীব্র সমালোচনা করেন বক্তারা।