বাজেট প্রত্যাখ্যান করেছে সিপিবি
২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বৃহস্পতিবার বাজেট ঘোষণার প্রাথমিক এ প্রতিক্রিয়া জানায় দলটি।সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গতকাল এক বিবৃতিতে বলেন, বাজেট প্রস্তাবের আসল লক্ষ্য হলো মানুষের করের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা। বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ অর্থের বেশির ভাগ খরচ হবে আগেকার ঋণ পরিশোধ, বিশাল প্রশাসনের রক্ষণাবেক্ষণ, বিলাসদ্রব্য আমদানি, অপচয়, দুর্নীতিসহ কর রেয়াতের নামে ধনিক শ্রেণীকে বিশাল ভর্তুকিদান প্রভৃতি কাজে। এর বাইরে কালোটাকা সাদা করার সুযোগ এবারও অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, বাজেটে কিছু চটকদার ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও করা হয়েছে। কিন্তু মানুষের প্রকৃত কল্যাণ সাধনের বদলে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের মহাজোটের পক্ষে ভোট দিতে প্রলুব্ধ করার উদ্দেশ্যে এসব প্রস্তাব দেওয়া হয়েছে।এদিকে প্রস্তাবিত বাজেটের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠনটি বলেছে, ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সরকারের ইতিবাচক অর্থনৈতিক এবং উন্নয়নপ্রত্যাশী দৃষ্টিভঙ্গি তাদের নজর কেড়েছে। বিশেষত সামাজিক নিরাপত্তাবলয় এবং সুশাসন নিশ্চিত করার জন্য সরকারের ইতিবাচক মনোভাব বাজেট প্রস্তাবের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সামাজিক ও রাষ্ট্রীয় অবকাঠামো খাতে এবং শিল্পোন্নয়নে সরকারের উদ্যোগী মনোভাব বিশেষভাবে উল্লেখযোগ্য।কৃষিবিদ ইনস্টিটিউশন বলেছে, প্রস্তাবিত বাজেটে সার্বিক কৃষি ও আর্থসামাজিক উন্নয়ন প্রতিফলিত হওয়ায় তারা অর্থমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী ও শিক্ষাবান্ধব’ উল্লেখ করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।