২০১০-১১ অর্থবছরের মূল বাজেট বরাদ্দের বাইরে কোনো পদে জনবল নিয়োগ করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা বিশ্ববিদ্যালয়ের আয় হিসেবে বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) অর্থ ও হিসাব পরিচালকের দপ্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে। একই সঙ্গে বিমক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ অর্থবছরের জন্য ২০৩ কোটি ৭৯ লাখ টাকার বাজেট নির্ধারণ করেছে বলে জানানো হয়েছে ওই চিঠিতে।বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব পরিচালক আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, তিন মাস আগে বিশ্ববিদ্যালয় ২০১০-২০১১ অর্থবছরের জন্য ২৮০ কোটি টাকা ও ২০০৯-২০১০ অর্থবছরের জন্য ২১৫ কোটি টাকার সংশোধিত বাজেট চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে বিমক গত ২৪ মে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে নতুন অর্থবছরের জন্য ২০৩ কোটি ৭৯ লাখ ও চলতি অর্থবছরের জন্য সংশোধিত বাজেট হিসেবে ১৬৯ কোটি ৫০ হাজার টাকা অনুমোদন করেছে। একই সঙ্গে বাজেট বরাদ্দ ও ব্যয়ের ক্ষেত্রে ১৬টি সুপারিশ করেছে তারা। সূত্র জানায়, এবার বিমক বিশ্ববিদ্যালয়কে ১৭৭ কোটি ৪৯ লাখ টাকা দেবে। বাকি ২৬ কোটি ৩০ লাখ বিশ্ববিদ্যালয়কে অভ্যন্তরীণভাবে আয় করতে হবে। গত অর্থবছরে যা ১৮ কোটি টাকা ছিল। তবে এবার ঘাটতি বাজেট করা হবে না বলে জানালেন প্রধান হিসাব পরিচালক আশরাফ উদ্দিন। তিনি বলেন, ঘাটতি বাজেট করলেও সরকারের কাছ থেকে টাকা পাওয়া যায় না। তাই ২০৩ কোটি টাকার মধ্যেই বাজেট ঘোষণা করা হবে।বিমকের চিঠিতে বলা হয়েছে, মূল বাজেটের বরাদ্দের বাইরে বিশেষ প্রয়োজনে জনবল নিয়োগের ক্ষেত্রে কমিশনের অনুমোদন নিতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও আপগ্রেডেশন ইত্যাদি ক্ষেত্রে কমিশনের অনুমোদিত নীতিমালা অনুসরণ করতে হবে।এ বিষয়ে আশরাফ উদ্দিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত অর্থবছরে শূন্য পদের বিপরীতে একাধিক নিয়োগ দেওয়া হয়েছে। এ অনিয়ম বন্ধ করতেই বিমক জনবল নিয়োগে কড়াকড়ি আরোপ করেছে।চিঠিতে আরও বলা হয়েছে, প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে প্রাপ্ত অর্থের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা রাখতে হবে। বাকি ৬০ শতাংশ অর্থ ভর্তি কমিটির বিধি অনুযায়ী ভর্তি পরীক্ষাসংক্রান্ত কাজে খরচ করতে হবে।বিমকের এ দাবিকে অযৌক্তিক উল্লেখ করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিলে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক খাত আছে যেখানে টাকার অপচয় হচ্ছে। সেখান থেকে টাকা নেওয়া যেতে পারে।জানা গেছে, ভর্তি ফরম বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে বিজ্ঞান অনুষদ ১৫ শতাংশ এবং কলা, সামাজিক ও ব্যবসায় শিক্ষা অনুষদ ২০ শতাংশ টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিত। বাকি টাকাগুলো পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, খাতা তৈরিসহ পুরো ভর্তিপ্রক্রিয়ার ব্যয়ে কাজে লাগত।বিমকের প্রস্তাবিত বাজেটের সিংহভাগ থাকছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। এই খাতে ১৮৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ, যা ২০০৯-১০ অর্থবছরে ধরা হয়েছিল ১৪৯ কোটি ৯০ লাখ টাকা। শিক্ষাসহায়ক আনুষঙ্গিক খাতে বরাবরের মতো এবারও বাজেটে ন্যূনতম বরাদ্দ রাখা হয়েছে, ২০ কোটি টাকা। জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হবে। অধিবেশনে ২০০৯-২০১০ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হবে।