
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকা। গতবারের তুলনায় এবার আকার বেড়েছে ৪৩৬ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। বাজেট প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, এই বড় আকারের বাজেট বাস্তবায়নে সিটি করপোরেশনের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। তিনি বাজেট বাস্তবায়নে একটি পরিকল্পনা সেল গঠন করার পরামর্শ দেন। গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কার্যালয়ে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
মুহাম্মদ সিকান্দার খান বলেন, সিটি করপোরেশনের মেয়র নতুন দায়িত্ব নিয়েছেন। জনবল থেকে প্রশাসনিক কাঠামো সবকিছু আগের মতো রয়ে গেছে। জনবল বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির বিষয়টি দৃঢ়ভাবে নিশ্চিত করতে হবে। আর প্রশাসনিক বিন্যাস সুবিন্যস্ত করা দরকার। নতুন মেয়র বিদ্যমান জনবল নিয়ে বিশাল বাজেট বাস্তবায়ন করতে পারবেন কি না ভেবে দেখতে হবে। মেয়রের বাজেট বক্তৃতায় এবারের বাজেট বাস্তবায়নের কোনো রূপরেখা নেই। এটি খুব দরকার ছিল।
প্রবীণ এই অর্থনীতিবিদ বলেন, প্রতি অর্থবছরই সম্ভাব্য আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এতে করপোরেশনের দেনা বাড়ছে। এভাবে চলতে থাকলে একসময় কাজ করা সম্ভব হবে না।
সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানো উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের সময় মেয়র প্রার্থীরা কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেন। ফলে নির্বাচিত হয়ে তাঁরা আর কর বাড়াতে পারেন না।
এবারের বাজেটে চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতাকে বিশেষ গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মুহাম্মদ সিকান্দার খান। তবে তিনি বলেন, বাজেট বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা ও প্রকৌশলগত সুযোগ-সুবিধা প্রয়োজন, তা সিটি করপোরেশনের নেই। এ জন্য পরিকল্পনা সেল গঠন করে কাজে লাগাতে হবে। নতুন মেয়র আগের চেয়ে সরকারি অনুদান বেশি পাবেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাবেন বলে মনে করছেন তিনি।
মুহাম্মদ সিকান্দার খান আরও বলেন, মেয়র নগরের রাস্তাঘাটের উন্নয়ন, আলোকায়ন, ফুটপাত নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য বরাদ্দ রেখেছেন। তবে ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে বাজেট বক্তৃতায় কোনো নির্দেশনা নেই। এ জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারেন মেয়র।