জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাইনি, সংশয় প্রকাশ করেছি৷ এ সংশয় দূর হবে বাজেট বাস্তবায়ন হলে৷’ বাজেটকে স্বাগত জানান, নাকি প্রত্যাখ্যান করেন—সাংবাদিকেরা এক কথায় উত্তর জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন৷
গতকাল শনিবার দুপুরে জাপার রাজধানীর বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ সংশয় প্রকাশ করেন৷ প্রস্তাবিত বাজেট সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়৷ এতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন না৷
সংসদের প্রধান বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নেই কেন? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমি পার্টির চেয়ারম্যান৷ ওনার পক্ষ থেকে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি৷’
প্রস্তাবিত বাজেটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন দাবি করেন এরশাদ৷ তিনি অর্থমন্ত্রীর স্বীকৃত ‘উচ্চাভিলাষী বাজেটের’ কথা উল্লেখ করে বলেন, ‘বাজেট উচ্চাভিলাষী হোক, তাতে আপত্তি নেই৷ কিন্তু স্বপ্নবিলাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হোক, তা আমরা চাই না৷’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বাজেটে যত উচ্চ আশাই করা হোক না কেন, তার কোনোটিতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না; যদি দেশে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের বিকাশ ঘটানো না যায়৷ দেশে যদি সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতেই থাকে, তাহলে অভ্যন্তরীণ বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগ শূন্যের কোটায় চলে যাবে৷ নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার পর বিনিয়োগকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন৷
তাহলে কি দেশে সুশাসন, আইনশৃঙ্খলা নেই?—এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘দেশে অাইনের শাসন অনুপস্থিত৷’ তিনি বলেন, ৬৭ হাজার ৫৫২ কোটি টাকার ঘাটতি আছে এ বাজেটে৷ এই ঘাটতি পূরণে অর্থমন্ত্রী যেসব সূত্রের কথা বলেছেন, তা দেখে এ বাজেটকে স্বপ্নবিলাসীই মনে হয়৷
‘এবার অবশ্য বিরোধী দল ছিল৷ তা যে ধরনের বিরোধী দলই হোক না কেন’—৫ জুন সংসদে বাজেট পেশ করার সময় বিরোধী দলের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী এ বক্তব্যের নিন্দা জানান এরশাদ৷ তিনি বলেন, ‘উনার এ ধরনের বক্তব্যে আমরা মর্মাহত৷’