
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাজেট বাস্তবায়নের বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে বলে তিনি এ সময় মন্তব্য করেন।
আজ সিটি করপোরেশনের এই বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের ৪৩২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেট পাস হয়। ওই বছরের মূল বাজেট ছিল ১ হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা। বাজেট বাস্তবায়নের হার ৩৬ দশমিক ১৪ শতাংশ।
তবে চলতি অর্থবছরের বাজেট ৭০-৮০ শতাংশ বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, ‘বাজেটের বাস্তবায়নের বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে। আশা করি এবার মূল বাজেটের ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন করব। এ জন্য এখন থেকেই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
এবারের বাজেটে করপোরেশনের নিজস্ব উৎস হতে আয় ধরা হয়েছে ৬২১ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে বকেয়া ও হাল কর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে যথাক্রমে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা ও ১২৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে আয়ের প্রধান খাত উন্নয়ন অনুদান বাবদ আয় ধরা হয়েছে ৯৭২ কোটি টাকা।
এবার উন্নয়ন খাতে সবচেয়ে বেশি ৯৭২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে ২৭৫ কোটি, পরিচ্ছন্নতায় ৩০ কোটি, সড়ক বাতির জন্য ১৫ কোটি, শিক্ষা খাতে ৩০ কোটি, স্বাস্থ্য খাতে পাঁচ কোটি ২০ লাখ, যোগাযোগ উন্নয়নে ১৬০ কোটি এবং অন্যান্য খাতে ৪৫৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র নাছির বলেন, নগরের সামগ্রিক উন্নয়ন এবং উন্নত নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় দরকার। সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের অপচয় হচ্ছে এবং নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রামের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।