প্রস্তাবিত বাজেট বাস্তবায়নকে বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন সরকারি দলের কয়েকজন সাংসদ। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এমন কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন, বাজেটে বড় ধরনের ঘাটতি আছে। ঘাটতি পূরণ করতে গিয়ে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়াতে হবে। এতে অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আসবে। মূল্যস্ফীতি বাড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। তাই এ বাজেট বাস্তবায়নে ঝুঁকি আছে। ঝুঁকি এড়াতে বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। তিনি বলেন, ‘পুঁজিবাজারকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অপারগ কেন? এটি আমার প্রশ্ন নয়, জাতির প্রশ্ন।’স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়ন পর্বতসমান চ্যালেঞ্জ। সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে অনির্বাচিত উপদেষ্টা দিয়ে সরকার পরিচালনার নজির নেই। কিন্তু এ দেশে হচ্ছে। তাঁরা শপথ নেন না। তাঁদের কোনো জবাবদিহি নেই। সরকারের অবস্থা খারাপ হলে তাঁরা পালিয়ে যাবেন। তাঁদের কারও কারও বিদেশি পাসপোর্টও আছে।বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে। তবে আওয়ামী লীগ সরকারের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব। সরকারি দলের আলী আশরাফ বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, গত শতকের মন্দার চেয়ে এবারের বিশ্বমন্দা অনেক বেশি প্রলম্বিত হচ্ছে। এরই মধ্যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে বিশ্বমন্দা। এতে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আসতে পারে।দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, সংসদকে জিম্মি করে নয়, সংসদে এসে কথা বলেন। বিএনপির যদি অর্ন্তবর্তী সরকারে ঢোকার খায়েশ থাকে, তবে তারা আসতে পারে। প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন। গত সোমবার সংসদে দেওয়া রাশেদ খান মেননের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি (মেনন) বলেছেন, সংবিধান সংশোধন ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এখনই দিতে হবে। কিন্তু সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে মেনন, ইনু (হাসানুল হক ইনু) ছিলেন। সেখানে তাঁরা তিনটি বিষয়ের ওপর নোট অব ডিসেন্ট দিয়েছেন এবং অন্য সব বিষয়ে একমত হয়ে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। আজ কেন ১২৩ ধারা সংশোধনের কথা বলছেন?’ তিনি বলেন, ‘আমার পোর্টফোলিও পাওয়ার যে বাসনা, সে দুঃখ বন্ধু মেনন বোঝায় তাঁকে ধন্যবাদ। তবে মন্ত্রিত্ব না পাওয়ার বেদনাও তিনি বুঝেছেন।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘বিরোধী দল পার্বত্য চট্টগ্রামকে রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চায়। সে জন্য তারা রোহিঙ্গাদের দেশের অভ্যন্তরে ঢোকাতে চায় এবং পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বর্তমান সরকার তা হতে দেবে না।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপির মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। অনেকে মনে করেন, ওনার (খালেদা জিয়া) একসময় আন্দোলন ছিল বাড়ি রক্ষায়। এখন উনি আছেন ছেলেদের রক্ষায়।একই দলের আসাদুজ্জামান নূর তামাক চাষকে নিরুৎসাহিত করার ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি আদা চাষকে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দেন। তিনি সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর এবং অসচ্ছল সাংস্কৃতিক সদস্যদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেন।বাজেটের ওপর সাধারণ আলোচনায় আরও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সরকারি দলের ইমরান আহমেদ, মোজাম্মেল হোসেন, সুকুমার রঞ্জন ঘোষ, ফরিদুল হক খান প্রমুখ।