বাজেট বাস্তবায়নে চাই সুশাসন ও জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের বাজেট উচ্চাভিলাষী মানতে নারাজ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জোটের নেতারা মনে করেন, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনে জবাবদিহি ও দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে পারলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় করেন ১৪ দল ও সরকারের সমমনা দলের নেতারা। সেখানেই এসব বক্তব্য উঠে আসে। তবে ১৪ দলের নেতারা মনে করেন, বাজেটে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাব রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার।
মতবিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। ১৪ দলের নেতাদের মধ্যে মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেননসহ অন্যরা উপস্থিতও হন সময়মতো। কিন্তু অর্থমন্ত্রী আসেন সন্ধ্যা ছয়টার দিকে। ব্যস্ততার কারণে দেরি হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী ১৪ দলের নেতাদের উদ্দেশে বলেন, সব প্রস্তাব এই বাজেটে আনা সম্ভব নয়। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বেড়ে মাত্র ২৮ শতাংশ হয়েছে। এর মধ্যে আবার সরকারি বিনিয়োগের হার বেশি। ব্যক্তিমালিকানা খাতে বিনিয়োগ বাড়েনি। এটা ব্যর্থতা বলা যেতে পারে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, তা গতবারের তুলনায় কম।
জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার বলেন, এই বাজেট বাস্তবায়নে সুশাসন দরকার।
১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।