
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টি বলেছে, আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। একইভাবে প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয়ের আধিক্যের সমালোচনা করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মাথাভারী প্রশাসন পুষে বেশি খরচ করলে দেশের উন্নয়ন হবে না।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় পার্টির সাংসদ ও প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বাজেটের তীব্র সমালোচনা করেন।
তাজুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও বাজেটে অনুন্নয়ন ব্যয়ের আধিক্য দেখা যাচ্ছে। ফলে উন্নয়ন ব্যয়ের অংশ হ্রাস পেয়েছে। মাথাভারী প্রশাসনের পেছনে এত খরচ হলে উন্নয়ন কীভাবে হবে।
প্রস্তাবিত বাজেটে ব্যয়ের ৭১ শতাংশের বেশি অর্থ রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী স্বপ্নবিলাসী মানুষ। তিনি তা স্বীকারও করেন। গত সাত বছরে এই সরকার রাজস্ব আদায় বাড়াতে পেরেছে মাত্র ১ দশমিক ১ শতাংশ। তাহলে কীভাবে লক্ষ্য পূরণ হবে?’
আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে সরকারের কাজের সমালোচনা করে তাজুল ইসলাম বলেন, শেয়ারবাজার লুটপাটের তদন্ত কমিটি হলো, কমিটি প্রতিবেদনও দিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অর্থমন্ত্রী ব্যাংকিং খাতে সাগরচুরির কথা বলেছেন, কিন্তু কীভাবে এই সাগরচুরি বন্ধ হবে, ফাটকাবাজি বন্ধ হবে এটা তাঁকে সংসদে বলতে হবে। তিনি বলেন, রিজার্ভের টাকা চুরি হয়েছে। কিন্তু এ টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে তাঁর কোনো বক্তব্য নেই। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ব্যাংকিং খাতের অনিয়ম বন্ধের বিষয়েও কোনো দিকনির্দেশনা নেই।
সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তার খরচ মেটানোর জন্য মোবাইল সিমের ওপর ২৫ পয়সা কর ধার্য করার প্রস্তাব করেছেন আওয়ামী লীগের সাংসদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, মোবাইল সিমের ওপর ২৫ পয়সা কর ধরা হলে কেউ তা দিতে অপারগতা প্রকাশ করবে না। এই কর থেকে যে টাকা আসবে, তা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণের খরচ মেটানো যাবে।
সুশীল সমাজের সমালোচনা করে দীপু মনি বলেন, তথাকথিত সুশীল সমাজ দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। তারা জ্বালানি খাতের উন্নয়নে বাধা দেয়। রামপালের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাধা দেয়, জঙ্গিবাদ দমনে বাধা দেয়। তবে কোনো ষড়যন্ত্র বা বাধাই উন্নয়নের অগ্রযাত্রা দমাতে পারবে না।
আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, কোকোর মৃত্যু কীভাবে হয়েছে, তার একটা তদন্ত হওয়া উচিত।
বাজেট আলোচনায় আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, মুহিবুর রহমান মানিক, নূরজাহান বেগম, সাগুফতা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।